সাতক্ষীরায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর শিক্ষক প্রতিনিধি সম্মেলন

প্রকাশ :
সংশোধিত :

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন)সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ ১৪ দফা দাবি উত্থাপন করে তা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্ব ও সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর কোরবান আলী, তামিরুল মিল্লাত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলেম ড. খলিলুর রহমান মাদানী।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মুহাঃ রবিউল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডক্টর মাওলানা শাহজান মাদানি, বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারী মোঃ আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শ্যামনগর আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান।
সম্মেলনে বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সুফল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট পৌছে দিতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে শোষণমুক্ত বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়া বর্তমান সময়ের দাবি।
এ অবস্থার প্রেক্ষিতে উপনিবেশিক মানুষিকতা মুক্ত মানবিক মূল্যবোধ সম্পন্ন পরমত সহিষ্ণু সহাবস্থানে বিশ্বাসী সৎ দক্ষ, দেশপ্রেমিক সৃজনশীল ও যোগ্য নাগরিক তৈরির জন্য শিক্ষা সংস্কার করতে হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সকল শিক্ষকদের ন্যায় সংগত দাবি মেনে নেয়ার জন্য জেলা শিক্ষক সম্মেলন থেকে অর্ন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।


For all latest news, follow The Financial Express Google News channel.